নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা নেই। তিনি বলেন, যাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তারা যদি সাহস রাখত, তাহলে দেশে ফিরে এসে আইনের আশ্রয় নিয়ে কথা বলত। তারা আইনগতভাবে কথা বলার সুযোগ থাকা সত্ত্বেও সাহসের অভাবে বিদেশে থেকে বক্তব্য দিচ্ছে।
মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নে বলা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করে বাংলাদেশের নির্বাচন নিয়ে নেতাকর্মীদের উদ্দেশে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন—এতে জাতীয় নির্বাচনে অস্থিতিশীলতা তৈরি হতে পারে কি না। এর জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে দেশে তাদের মতো শক্তিশালী সমর্থক আর নেই। যাদের সমর্থন ছিল এবং যারা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিল, তারা দেশ ছেড়ে চলে গেছে এবং বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।
তিনি আরও বলেন, যেসব ফ্যাসিস্ট ও জঙ্গিগোষ্ঠী দেশে সক্রিয় ছিল, তারা এখন দেশের বাইরে অবস্থান করছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অনুরোধ জানান, এসব দেশ যেন এই ফ্যাসিস্টদের আবার দেশে ফিরিয়ে দেয়, যাতে তারা আইনের আওতায় আনা যায়।