২৫টি দোকান পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৪ কোটি টাকা
স্টাফ রিপোর্টার কুমিল্লা
কুমিল্লার গৌরীপুর বাজারের কাঠপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা–হোমনা সড়কসংলগ্ন পূর্ব পাশের কাঠপট্টি এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের টানা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গোমতী নদী থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফার্নিচারের দোকানগুলোতে থাকা দাহ্য রাসায়নিক, বিশেষ করে রঙের কেমিক্যালের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে হোমনা ও চান্দিনা উপজেলা থেকে আরও ৬টি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে এসে অভিযানে যোগ দেয়। দীর্ঘ আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে ১০টি ফার্নিচারের দোকান, ১টি ইলেকট্রিক ও এসি শোরুম, ২টি অটোরিকশা গ্যারেজ, ৪টি মুদি দোকান এবং চাল ও রমজান উপলক্ষে মজুত রাখা খেজুরের একটি গোডাউনসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, “এই আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। শুধু ফার্নিচার মার্কেটেই কয়েক কোটি টাকার মালামাল ছিল।” প্রাথমিক হিসাব অনুযায়ী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলার মোট ৯টি ইউনিট সম্মিলিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
