নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রমনার হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় বিএনপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এ অভিযোগ তুলে ধরেন। তিনি হামলাটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ’ আখ্যা দিয়ে বলেন, একদিকে সৌজন্যের কথা বলা হলেও অন্যদিকে বিরোধীদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে, যা এনসিপি কোনোভাবেই মেনে নেবে না।
নাহিদ ইসলাম আরও বলেন, নির্বাচন কমিশন, কলেজ প্রশাসন ও বিএনপি—তিন পক্ষই এ ঘটনায় কী পদক্ষেপ নেয়, তা দেখা হবে। যথাযথ ব্যবস্থা না নিলে আগামী ১২ তারিখ রাজপথে এর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়ছেন মির্জা আব্বাস।
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর মির্জা আব্বাসকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, অতীতের আচরণ পরিহার না করলে এবারের নির্বাচনে এর পরিণতি শুভ হবে না। তিনি বলেন, নির্বাচন মানে মতের লড়াই—কথার লড়াই। জনগণই ঠিক করবে কাকে ভোট দেবে। কিন্তু জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণই নির্ধারণ করবে কে সন্ত্রাসী আর কে জনগণের পক্ষে কথা বলে।
সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম মির্জা আব্বাসের রাজনৈতিক অতীত নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ঢাকা শহরের মানুষ মির্জা আব্বাসের উত্থানের ইতিহাস জানে। জিয়াউর রহমানের সময় থেকে শুরু করে কীভাবে তিনি ঢাকায় প্রভাবশালী অবস্থান তৈরি করেছেন, তা অজানা নয়।
তিনি আরও বলেন, জামায়াতের অতীত নিয়ে বারবার প্রশ্ন তোলা হলেও বিএনপির অতীতও দেশের মানুষ ভুলে যায়নি। ২০০১ থেকে ২০০৬ সময়কালের ঘটনাপ্রবাহ জনগণের স্মৃতিতে এখনো জাগ্রত রয়েছে। অতীতের হিসাব টানলে সব দলের ক্ষেত্রেই তা টানা হবে বলে মন্তব্য করেন এনসিপির এই নেতা।