নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে অবহিত হয়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের ওপর সর্বোচ্চ আস্থা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা—এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলে বিদেশি দূতাবাস ও মিশনে কর্মরত কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিইসি জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে কমিশন যে প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, তা বিস্তারিতভাবে কূটনীতিকদের সামনে উপস্থাপন করা হয়েছে। এতে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং কমিশনের কার্যক্রমের প্রশংসা করেছেন। একই সঙ্গে একটি স্বচ্ছ নির্বাচন আয়োজনে কমিশনের সক্ষমতার ওপর তারা দৃঢ় আস্থা জানিয়েছেন।
তিনি আরও বলেন, কমিশনের সব কার্যক্রম কূটনীতিকদের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং জানানো হয়েছে যে নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। একটি গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া সম্ভব হবে—এ বিষয়ে তারাও আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন পরিকল্পনা সম্পর্কেও কূটনীতিকরা জানতে চান। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের সময় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসার সদস্যদেরও দায়িত্বে রাখা হবে।
সিইসি বলেন, কূটনীতিকরা কমিশনের কর্মপরিকল্পনা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং কমিশনের উদ্দেশ্য যে সম্পূর্ণ স্বচ্ছ ও একটি সুন্দর নির্বাচন আয়োজনের দিকেই কেন্দ্রীভূত—সে বিষয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।