নিজস্ব প্রতিবেদক
বিএনপি ক্ষমতায় এলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি নগরটিকে কর্মসংস্থানের একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার দাবি এখানকার মানুষের বহুদিনের। তবে গত ৫৫ বছরেও সেই দাবি বাস্তবায়ন হয়নি। তিনি উল্লেখ করেন, চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে উঠলে শুধু এই অঞ্চল নয়, পুরো দেশই এর সুফল পাবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টানা হবে। প্রশাসনসহ সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।
বক্তব্যের শুরুতে তারেক রহমান চট্টগ্রামের সঙ্গে নিজের পারিবারিক আবেগের কথা তুলে ধরেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই শহর থেকেই স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, যা চট্টগ্রামকে তার কাছে বিশেষ আবেগের স্থান করে তুলেছে।
দুপুর ১২টা ৫০ মিনিটে তিনি সমাবেশে বক্তব্য শুরু করেন। এর আগে ১২টা ২০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছে মঞ্চে ওঠার আগে নেতা-কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকা ও আশপাশের উপজেলাগুলো থেকে মিছিল নিয়ে বিএনপির নেতা-কর্মীরা পলোগ্রাউন্ড মাঠে জড়ো হতে থাকেন। মাঠের ভেতরের পাশাপাশি আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গায়ও তারা অবস্থান নেন। দলীয় পতাকা ও ধানের শীষ প্রতীক হাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
জনসমাগম পলোগ্রাউন্ড মাঠ ছাড়িয়ে টাইগার পাস, সিআরবি ও আমতল এলাকায় পর্যন্ত বিস্তৃত হয়। আয়োজকদের দাবি, মাঠের ভেতর ও বাইরে মিলিয়ে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যাও দ্রুত বাড়তে থাকে।