নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ যেসব অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, বিএনপির কোনো নেতাকর্মী একই ধরনের কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৫ জানুয়ারি (রবিবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে তিনি বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ শাসনামলে মানুষের বাড়িঘর ও জমিজমা দখলের ঘটনা ঘটেছে, যা থেকে দেশকে বেরিয়ে আসতে হবে। তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, তার দলের কেউ যদি এ ধরনের সন্ত্রাসী বা দুর্বৃত্তায়নে জড়িত থাকে, তা সরাসরি তাকে জানাতে। সঙ্গে সঙ্গে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগের সময়কার কর্মকাণ্ড বিএনপিতে কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, এলাকাবাসী তাকে এবং তার পরিবারের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে অবগত। তিনি দাবি করেন, রাজনীতি করে তারা কেউ সম্পদের পাহাড় গড়েননি; বরং পারিবারিক জমি বিক্রি করেই রাজনীতি করেছেন। জনগণের আমানতের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করা হবে না বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপির মহাসচিব বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে সক্ষম হবেন। বিএনপি সরকার গঠন করলে কৃষকদের জন্য সারের সহজলভ্যতা নিশ্চিত করা হবে এবং কোনো সংকট থাকবে না। পাশাপাশি মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে আগের মতোই কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী এবং নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রক্ষমতায় যেতে চায়। শুধু স্লোগান দিয়ে নয়, মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমেই ভোট পেতে হবে উল্লেখ করে তিনি ধানের শীষ প্রতীকে ভোট ও সবার দোয়া কামনা করেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেন।