ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ বন দিয়ে তৈরি হচ্ছে স্যান্ডউইচ, রেস্টুরেন্টকে জরিমানা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের হালদারপাড়া এলাকায় মেয়াদোত্তীর্ণ বন (Bun) দিয়ে স্যান্ডউইচ তৈরির দায়ে ‘সুইট গ্রিন’ নামক একটি রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স। আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সুইট গ্রিন রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, সেখানে স্যান্ডউইচ প্রস্তুত করতে যে বন ব্যবহার করা হচ্ছে, সেটির মেয়াদ গত ২৯ জানুয়ারি শেষ হয়ে গেছে। অর্থাৎ, তিন দিন আগের মেয়াদোত্তীর্ণ পাউরুটি বা বন দিয়ে অস্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরি করে সাধারণ গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করে নিলে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে তাদের সতর্ক করা হয়।
অভিযান চলাকালে জেলা কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক জনাব এস এম শাহীন উপস্থিত ছিলেন। এছাড়া ৫ আনসার ব্যাটালিয়নের একটি দল নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী জানান, খাদ্যে ভেজাল ও অনিয়ম রোধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি ও অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে।